ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ

মফস্বল ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। 

আজ সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুতুবআইল কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ফাইবার্সের শ্রমিকরা জড়ো হন শ্রমিকরা। পরে তারা বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এসে সড়ক অবরোধ করেন। এসময় তারা হাতে লাঠি নিয়ে সড়কের উভয় পাশে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো দায় হয়ে গেছে। বর্তমান মজুরিতে ছেলে-মেয়ে নিয়ে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়। বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পরিস্থিতি সম্পর্কে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189533