নিরাপত্তা শঙ্কায় এএফসি চ্যাম্পিয়নস লিগের দলে নেই রোনালদো

নিরাপত্তা শঙ্কায় এএফসি চ্যাম্পিয়নস লিগের দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান যাচ্ছে আল নাসর। তবে দলের সঙ্গে যাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার তাসখন্দে পাকতাকোরের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে রাখেননি কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু। এর এক সপ্তাহ আগে প্রতিযোগিতাটিতে আল নাসরের আগের ম্যাচটি স্থগিত হয়েছিল।

গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এরপরও তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল নাসরের কোচ। তবে রোনালদোর অনুপস্থিতির পাশাপাশি এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবারের ম্যাচটি আয়োজনের প্রস্তুতি থাকলেও আগামী ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হওয়ার কথা এশিয়ান কাপ। টুর্নামেন্টটি নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হুতিরা সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এশিয়ান কাপ আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো। গত মাসে এএফসি কংগ্রেসে তিনি বলেন, ‘সংবাদমাধ্যম থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনো নিরাপদ নয়। তাই এই মুহূর্তে সেখানে এশিয়ান কাপ আয়োজন করা সহজ হবে বলে মনে করি না।’ মিয়ামোতোর এই মন্তব্যের আগে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছিলেন, টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হাতে সময় রয়েছে। সালমান বলেন, ‘আমরা নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি। অঞ্চলের পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপের দিকে পরিবর্তিত হতে পারে। তাই কী ঘটে, সেটি দেখার বিষয়।’ তিনি আরও বলেন, ‘যদি তখন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, আমরা নেব। তবে প্রয়োজন হলে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালেও নেওয়া যেতে পারে।’

অন্যদিকে সৌদি আরবের আয়োজকরা জানিয়েছেন, প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। গত সপ্তাহেই টুর্নামেন্টের সব ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। ফলে এশিয়ান কাপ নির্ধারিত সময়েই সৌদি আরবে অনুষ্ঠিত হবে, নাকি শেষ পর্যন্ত সূচিতে পরিবর্তন আনতে হবে, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে নভেম্বরের শেষ পর্যন্ত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189525