গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, তিনজনের কারাদন্ড
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি এক প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এম এস ফিলিং স্টেশন (এলপিজি) নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে ১৩ হাজার লিটার গ্যাস মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামানকে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাতদিন করে কারাদন্ড দেওয়া হয়।
অন্যদিকে গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটোগ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। এ সময় প্রতিষ্ঠানটিতে ৩০ হাজার টাকা জরিমানা এবং ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, অবৈধ গ্যাস মজুত রোধ ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189499