কুড়িগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

কুড়িগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান(২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল(৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। গতকাল শনিবার রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সাথে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল।

এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এর আগে গতকাল শনিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এসময় তার বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৬টায় মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

পরে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদি হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189496