অভি মঈনুদ্দীনের জন্মদিন

অভি মঈনুদ্দীনের জন্মদিন

বিনোদন ডেস্ক : গতকাল ৩১ অক্টোবর ছিলো দেশের প্রখ্যাত বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন। জন্মদিনের আগেরদিন অর্থাৎ গত ৩০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ অল কমিউনিটি ক্লাবের নভোএয়ার কনফারেন্স হলে জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অভি মঈনুদ্দীন তার কাছের কিছু প্রিয় শিল্পী, আত্নীয় স্বজন ও পরিবারের মানুষদের নিমন্ত্রণ করেন।

সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত জন্মদিনের বিশেষ এই আয়োজনে অভি মঈনুদ্দীনকে শুভেচ্ছা জানাতে ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন জীবন্ত কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী ডলি জহুর, চিত্রনায়িকা শাবনাজ, চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী নাজনীন চুমকি, ঈশিতা, আব্দুন নূর সজল, দীপা খন্দকার, রিচি সোলায়মান, জান্নাতুল সুমাইয়া হিমি, শিরতাজ জেবিন, কনক মীম, সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম, দিঠি আনোয়ার, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, শেষের কবিতা সিগনেচার বুটিক’র কর্ণধার এরীন এম খান, তরুন ব্যবসায়ী শামীম আল হাসান, সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, শান সায়েক, জোবায়ের জাহাঙ্গীর জয়, ইউসুফ আহমেদ খান, তানজিন মিথিলা, চলচ্চিত্র পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার সাকিব সনেট, অভি মঈনুদ্দীনের সবচেয়ে প্রিয় বন্ধু সুনামগঞ্জের মধ্যনগর বাজারের মোঃ আনোয়ার হোসেন, অভি মঈনুদ্দীনের স্ত্রী সাবিহা সুলতানা জেমি, দুই কন্যা মাদিহা মার্সিহা ও রিচির মেয়ে ইলমা।

অভি মঈনুদ্দীনের নিমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। তবে কিছুটা সময় শান্তা উপস্থাপনার দায়িত্বটুকুও পালন করেন আগ্রহ নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন মিথিলা। এরপর সঙ্গীত পরিবেশন করেন জোবায়ের জাহাঙ্গীর জয়। দুজনের পরিবেশনাই উপস্থিত সবাইকে ভীষণ মুগ্ধ করে। এরপর গল্প আড্ডায় মেতে উঠেন সবাই। আড্ডার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে কুশল বিনিময়, ছবি তোলার কাজও চলে। একসময় অভি মঈনুদ্দীনের আহ্বানে মাইক্রোফোনের সামনে এসে অভি মঈনুদ্দীনকে নিয়ে তারকারা তাদের নিজের অনুভূতি শেয়ার করেন। ডিনার শেষে আবারো গানের পর্বে মেতে উঠেন সবাই কণার কন্ঠে ‘কন্যা কন্যা’ ও ‘দুষ্টু কোকিল’ গানে। শান সায়েকও তার কন্যা’ গানটি শুনিয়ে মুগ্ধতা ছড়ান।

অভি মঈনুদ্দীন বলেন,‘ প্রতিবছরই দিনটিকে বিশেষায়িত করার চেষ্টা করি। কোনো বছর শুধূ তারকাদের নিয়ে বিশেষভাবে আয়োজন করি, কোনো বছর শুধুই সাংবাদিকদের নিয়ে, আবার কোনো বছর শুধুই পরিবারের মানুষ ও বন্ধু বান্ধবদের নিয়ে। এবার বলা যায় শুধুই তারকাদের নিয়ে বিশেষ এই আয়োজন ছিলো। সঙ্গে আমার খুউব কাছের কিছু মানুষদের নিয়ে বিশেষভাবে উদযাপন। আসলে মানুষের জীবনটা খুউব সংক্ষিপ্ত সময়ের। এই সময়ের মধ্যেই সুখ দু:খ, হাসি কান্নার মাঝে বেঁচে থাকতে হয়। তবে জীবন চলার পথে সবাই আপন হয়না, কারা আপন হয় তার নমুনা বা দৃষ্টান্ত জীবন চলার পথে নানানভাবে পাওয়া যায়। যারা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারা আমার সত্যিকার অর্থেই প্রিয়জন, আপনজন। আমি প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ অল কমিউনিটি ক্লাবের সাবেক পরিচালক আনিসউজ্জামান বিদ্যুৎ ভাইয়ের প্রতি আমাকে সবসময় সহযোগিতা করার জন্য।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189459