মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চার হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে পাটুরিয়ার ধুতরাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁদিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ অক্টোবর) রাতে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের নিকটবর্তী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেলালের শরীর তল্লাশি করে চার হাজারটি ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189435