রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাক থেকে বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।
পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189413