জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। একজনের ডান পা শরীর থেকে আলাদা হয়ে গেছে। তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ফেলে পালিয়েছে। সন্ধ্যা রাত সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে।

নিহত নূরনবী কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন-একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইক চালক এনামুল হক (৬০) ও মো. ইউসুফ আলীর ছেলে সোহরাব আলী (৫৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, কাজ সেরে রাতে কালাই থেকে একই গ্রামের এনামুল হকের ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছামাত্র সামনের দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক এসে ইজিবাইককে সাইট দিয়ে পার হতে গিয়ে ট্রাকের পিছন দিয়ে ধাক্কা মারলে ইজিবাইকের চালক ও যাত্রীরা পাকা সড়কের ওপর ছিটকে পড়ে যায়।

এসময় ট্রাকের পিছন চাকায় পৃষ্ট হয়ে নুরনবী মারা যান এবং ইজিবাইক চালক এনামুলের পা শরীর থেকে আলাদা হয় ও আরেক যাত্রী সোহরাব আলী গুরুতর আহত হন। নিহত ও আহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক খাদেই রয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189364