বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: মির্জা আব্বাস
বর্তমান সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দলগুলো বিব্রত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেছেন, "অনেকেই অনেক কিছু ভাবছেন, কিন্তু বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামেনি। বিএনপি রাজপথে নামলে বিরোধীরা পালানোর পথ পাবে না।"
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার আওতাধীন শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা অর্জনের দীর্ঘদিন পেরিয়ে গেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। তাই অযথা বিরোধিতা না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসা উচিত এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে সাহায্য করা প্রয়োজন।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এক শ্রেণির গোষ্ঠী নিজেদের সক্ষমতা না পেয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ঝটিকা মিছিল ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা গণতান্ত্রিক রাজনীতি করলে বাধা নেই, তবে যেকোনো অন্যায় বা অপকর্মের চেষ্টা করা হলে বিএনপির নেতা-কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না; শক্ত হাতে তা প্রতিহত করবে।
ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরত আসার তথ্যের দিকে নির্দেশ করে মির্জা আব্বাস বলেন, "শোনা যাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতা ভারত থেকে ফিরে এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এবং বিএনপির ভিতরের কিছু অসাধু লোক অর্থের লোভে তাদের সহযোগিতা করছে। সাফ কথা, দলের মধ্যে কোনো সুবিধাভোগী বা আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না। ক্ষমতায় আসার পর যারা রাতারাতি রঙ বদলে বিএনপি সেজেছেন, তাদেরও কঠোরভাবে মোকাবিলা করা হবে।"
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ অঙ্গ-সংগঠনের নেতারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189350