স্থানীয় শিশুদের সাথে নিয়ে সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, শিশুদের সুরক্ষা সবার আগে। তাদেরকে সুরক্ষিত করে ভবিষ্যৎ গড়ে দিতে না পারলে কোন উন্নয়নই কাজে আসবে না।
প্রতিমন্ত্রী আজ নাটোরে লালপুরের কাশিমবাজারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্থানীয় শিশুদের সাথে নিয়ে সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং শিশুদের চকলেট ও ফুল প্রদান করেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তার ঘটেছে। মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ থেকে সন্তানদের সুরক্ষিত রাখতে অভিভাবকবৃন্দকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। মাদকসেবী ব্যক্তি ডোপ টেস্টের আওতায় আসলে সরকারি চাকুরী থেকে বঞ্চিত হবেন। আগামীতে ডোপ টেস্টের আওতা আরো বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী বলেন, সড়কসহ সরকারের সকল অবকাঠামো উন্নয়ন গুণগতমান বজায় রেখে সম্পন্ন করতে হবে। বিগত ১৭ বছরের অনিয়মের সংস্কৃতি আর চলবে না। সরকারের উন্নয়ন কাজে কোন অনিয়ম করা যাবে না। স্থানীয় সকল উন্নয়ন কাজ স্টেকহোল্ডার হিসেবে তদারক করবেন স্থানীয় বাসিন্দারা। অনিয়মের খোঁজ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
ফারাজানা শারমীন আরো বলেন, ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোন আর্থিক লেনদেন কেউ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। সরকার প্রদত্ত এসব সামাজিক কর্মসূচীর সুবিধা প্রাপ্তি নাগরিক অধিকার। এই অধিকার প্রাপ্তির ক্ষেত্রে কাউকে বঞ্চিত করা যাবে না।
প্রতিমন্ত্রী কাশিমপুর বাজার ছাড়ার উপজেলার আরো চারটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।