পর্তুগালে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিংয়ের গ্লোবাল মঞ্চে বাংলাদেশ

পর্তুগালে সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিংয়ের গ্লোবাল মঞ্চে বাংলাদেশ

 আইএসটিকিউবি জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ বিএসটিবি প্রতিনিধিদল; ১০ হাজার সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য এবং এসকিউএটি বাংলাদেশে বিশ্ব নেতাদের আমন্ত্রণ

বিশেষ প্রতিনিধি, পর্তুগাল: পর্তুগালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড (আইএসটিকিউবি)-এর জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) প্রতিনিধিদল। বিএসটিবি প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতের অগ্রগতি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়।

সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ১০ হাজার আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরা হয়। এ উদ্যোগে আইএসটিকিউবির আন্তর্জাতিক নেটওয়ার্ক, সার্টিফিকেশন ও দক্ষতা উন্নয়ন সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

বাংলাদেশে এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।  বিএসটিবি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয়ে এ উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করতে চায়।

এদিকে আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য চতুর্থ এসকিউএটি বাংলাদেশ ২০২৬ সম্মেলনে আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া এবং সাবেক প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনুসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএসটিবি আয়োজিত সম্মেলনটির একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বিএসটিবি প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং পেশাজীবী তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা। ১০ হাজার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি ও তাঁদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার, বিশ্ববিদ্যালয়, সফটওয়্যার শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

পর্তুগালের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ এবং ঢাকায় আসন্ন এসকিউএটি বাংলাদেশ সম্মেলন দেশের সফটওয়্যার শিল্প, আন্তর্জাতিক সার্টিফিকেশন ও দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189297