এইচএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

এইচএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৮.০৪ শতাংশে।এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন।

এ বছর জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৯২ জন ছেলে। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189269