এইচএসসির ফল প্রকাশ: ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেলেন ২১৩৭ জন
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার সামান্য কমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৬৮৪। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৫৪৭ জন।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। পাস করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন। গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।
গত ৪ বছরের মধ্যে এবারই বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন। ২০২৩ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ৭৩ দশমিক ২২ শতাংশে পৌঁছায়। এরপর ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৫১ দশমিক ৫৪ শতাংশে। এবার তা আরও কমে হয়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশ। ২০২৪ সালের তুলনায় ২ বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। এ বিভাগে ১৫ হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৫৪৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭১২ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189268