এইচএসসির ফল প্রকাশ শনিবার, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু রোববার

এইচএসসির ফল প্রকাশ শনিবার, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু রোববার

স্টাফ রিপোর্টার : শনিবার প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এর পরদিনই, অর্থাৎ আগামী রোববার ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণ বা ‘বোর্ড চ্যালেঞ্জ’ প্রক্রিয়া।

আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আজ শুক্রবার (৩০ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড খাতা পুনঃনিরীক্ষণের এই বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার কোনো অবস্থাতেই ম্যানুয়ালি আবেদন নেওয়া হবে না। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি পত্রের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীকে ১৫০ টাকা হারে ফি প্রদান করতে হবে। যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আবশ্যিকভাবে উভয় পত্রেরই আবেদন করতে হবে। একবার ফি জমা দেওয়ার পর কোনো অবস্থাতেই আবেদন বাতিল করা যাবে না এবং জমাকৃত ফি ফেরতযোগ্য নয়।

শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রথমে শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপ-ডাউন মেনু থেকে নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

সাবমিট করার পর শিক্ষার্থীর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ পরবর্তীতে পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এই নম্বরেই এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল প্রদর্শিত হলে সেখান থেকে যে এক বা একাধিক পত্রের খাতা পুনঃনিরীক্ষণ করতে চান, তা নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

বিকাশ, নগদ, ডাচ-বাংলা ব্যাংকের রকেট, উপায় কিংবা সোনালী সেবার মাধ্যমে অনলাইনেই এই ফি জমা দেওয়া যাবে। পেমেন্টের বিস্তারিত নিয়ম জানতে পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করা যাবে। ফি পরিশোধ শেষে মূল পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

তবে ফি প্রদানের আগে যদি কোনো শিক্ষার্থী তার নির্বাচিত বিষয় পরিবর্তন বা পরিমার্জন করতে চান, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা প্রত্যাহার করতে পারবেন। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর যদি নতুন কোনো বিষয় যুক্ত করতে হয়, তবে একই পদ্ধতিতে নতুন মোবাইল নম্বর ছাড়াই পুনরায় আবেদন করা যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189219