টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি বাস স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আল আমিন নামে এক যুবক জানান, মোটরসাইকেল নিয়ে ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিলাম। এ সময় মধুপুর থেকে আনারস ভর্তি একটি অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে মধুপুরের দিকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির বেপরোয়া প্রাইভেটকারটি সম্ভবত ব্রেকফেইল করে অটোরিকশার উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে।