‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি: শিক্ষামন্ত্রী

‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি: শিক্ষামন্ত্রী

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। নিজের বক্তব্যের শব্দ সংশোধন এবং এর প্রেক্ষাপট স্পষ্ট করে আজ শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার প্রসঙ্গে কথা বলেছিলাম। সমাজে তাদের অনেকে অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তার বক্তব্যের মূল কথা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছি। এখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

এর আগে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ‘ট্রান্সজেন্ডার নিয়ে আরও ক্যাম্পেইন করতে হবে, আমরা কোনো ট্যাবুতে থাকতে চাই না’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এটা নিয়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189161