ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আমরা তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।