টঙ্গীর মাজার বস্তি থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের: পিবিআই
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তর।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, তুরাগ নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়। ওই মোটরসাইকেলটি তাহসিফ সাউরির।
পিবিআই আরও জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাকে ঘিরে করা মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত পরিচালনার পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে প্রাপ্ত সব তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
অপরদিকে তাহসিফ সাউরির মৃত্যুর আগে তার গতিবিধি নিয়ে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তাহসিফ। এরপর আলাদা মোটরসাইকেলে বাসা থেকে বের হন তারা দুইজন। তার মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্নের মধ্যে ফুটেজটি নতুন করে আলোচনায় এসেছে।