স্ত্রীর পায়ে চুমু খাওয়া কি জায়েজ?
প্রশ্ন: স্বামীর জন্য স্ত্রীর পায়ে চুমু খাওয়া বা স্ত্রীর জন্য স্বামীর পায়ে চুমু খাওয়া কি জায়েজ?
উত্তর: ফোরপ্লে বা ভালোবাসা প্রকাশ করার জন্য স্বামীর জন্য স্ত্রীর পায়ে চুমু খাওয়া জায়েজ, স্ত্রীর জন্যও স্বামীর পায়ে চুমু খাওয়া জায়েজ।
স্ত্রীর সঙ্গে যৌনমিলনপূর্ব ফোরপ্লে ইসলামে মুস্তাহাব। ইবনে কুদামা (রহ.) তার বিখ্যাত গ্রন্থ আল-মুগনিতে বলেন, ‘সহবাসের আগে স্ত্রীর সঙ্গে ফোরপ্লে মুস্তাহাব বা পছন্দনীয়; যাতে তার যৌন উত্তেজনা জাগ্রত হয় এবং সেও সহবাসের তৃপ্তি ঠিক ততটুকুই লাভ করতে পারে, যতটুকু স্বামী লাভ করে।
এ বিষয়ে ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ‘স্ত্রীর সাথে তখন পর্যন্ত সহবাসে লিপ্ত হয়ো না, যতক্ষণ না তার মধ্যে ঠিক ততটুকুই উত্তেজনার সৃষ্টি হয়, যতটুকু তোমার নিজের মধ্যে এসেছে; যাতে তুমি তার আগেই তৃপ্তি লাভ করে (সহবাস শেষ করে) ফেলে তাকে পেছনে ফেলে না দাও।’
বর্ণনাকারী বললেন, ‘সেটি কি আমার পক্ষে সম্ভব?’
তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি তাকে চুমু খাবে, গায়ে হাত বুলিয়ে আদর করবে এবং তাকে জড়িয়ে ধরবে। অতপর যখন তুমি দেখবে যে, তোমার মধ্যে যেমন উত্তেজনার সৃষ্টি হয়েছে, তার মধ্যেও ঠিক তেমনি উত্তেজনার সৃষ্টি হয়েছে, তখন তার সাথে সহবাস করবে।’ (আল-মুগনি ফি ফিকহিল ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানি: ৭/৩০০)
দীর্ঘ প্রবাস বা সফর থেকে ফিরে আসার পর কিংবা কোথাও যাওয়ার সময় ভালোবাসা বা শ্রদ্ধার নিদর্শনস্বরূপ নিজের মা বা অন্য মুরুব্বী মাহরাম নারীদের পায়ে চুমু খাওয়াও জায়েজ, যদি ফেতনা বা আসক্তির আশঙ্কা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যায়।
গায়রে মাহরাম নারীদের ক্ষেত্রে মূলনীতি হলো, তাদের পা বা শরীরের যে কোনো অংশে স্পর্শ করা, চুমু খাওয়া নাজায়েজ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189117