বগুড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

বগুড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ঘোড়াধাপ বাজারের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম দয়াল চন্দ্র (২০)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট্র গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পেশায় নির্মাণ শ্রমিক দয়াল একটি মোটরসাইকেলে আরো দুই আরোহীকে নিয়ে বগুড়া থেকে নামুজাগামীসড়ক দিয়ে তার বাড়ি শিবগঞ্জের মাঝিহট্ট গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু পথে ওই এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন তিনি।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পিছলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত হন দুই আরোহী। পরে এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে এবং ট্রাকটি আটক করে রাখে। চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে নিহত দয়ালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। মাঝিহট্ট ইউপি মেম্বার মানিক ফকির জানান, নিহত দয়াল রাস্তা নির্মান শ্রমিক।

বগুড়ামহানগরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন। এঘটনায় তার মোটরসাইকেলে থাকা মঙ্গল ও সাগর নামে অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হযেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189114