ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন।
সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনে মির্জা পরিবারের রাজনৈতিক আধিপত্য ধরে রাখলেন তারই ছোট ভাই মির্জা ফয়সল আমীন। নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত মোট ১৮৫টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।
নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।
ফলাফল নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এই জয়কে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের জয় বলে আখ্যায়িত করেছেন। তিনি এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189113