সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে শহরের গুলিস্থান চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, আকবর আলী কলেজ গেট, কলেজ ছাত্রাবাসের পাশ, সোনালী ব্যাংক ও উল্লাপাড়া পোস্ট অফিস এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন  এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অবৈধ স্থাপনার মালিকদের বারবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনাগুলো সরিয়ে নেননি।

চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশনায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে সড়কের পাশে যাতে নতুন করে কোনো অবৈধ দোকানপাট গড়ে উঠতে না পারে, সে জন্য পৌরসভার পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

উচ্ছেদ অভিযানে পৌরসভার সার্ভেয়ার সেলিম রেজা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, হিসাবরক্ষক শ্রীকান্ত বাবু বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন, বাজার পরিদর্শক আমিনুল ইসলামসহ পুলিশ, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189090