সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা বন্ধ না হলে জনরোষের আশঙ্কা: এমপি মান্নান
১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অবৈধ চুনা কারখানা বন্ধ করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান। এসব কারখানা বন্ধ না করলে ক্ষুব্ধ জনগণের অসন্তোষ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।
এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক হলে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব। কিন্তু কারখানাগুলো চালু থাকায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, এসব কারখানার বিষয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ অভিযোগ করছেন।
সভায় কাঁচপুর হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বেওয়ারিশ মরদেহ দাফনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থান ব্যবহার করা যেতে পারে বলে জানান সংসদ সদস্য।
সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এমপি মান্নান বলেন, থানা পুলিশ ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের প্রবণতা কিছুটা বেড়েছে। এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে আরও সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সার্কেলের কর্মকর্তা মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কর্মকর্তা কে. এম. রাফসান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভুঁইয়া এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।