বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ২৬শ’ পিস ইয়াবা, বাসের হেলপার গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় যাত্রীবাহী বাসের হেলপারের কাছ থেকে ২৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র সদস্যরা আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কে কক্সবাজার হতে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৮১৪২) থামিয়ে হেলপার জিম বাবুকে গ্রেফতার করে।
এরপর তার তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ ও তার দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, ধৃত মোঃ জিম বাবু (২২) রংপুর সিটি কর্পোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়ার শামীম মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189073