গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৩, আটক ২

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৩, আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—টেংগারচর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছোট ভাই আতাউর রহমান (৪০), তার ভাতিজা বাইজিদ (১৪) এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. সোহেল (৪১)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপন ও বর্তমান ইউপি সদস্য গিয়াস উদ্দিনের মধ্যে একসময়ে সুসম্পর্ক থাকলেও কয়েক বছর আগে তারা দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েন। গত ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে অন্তত পাঁচবার সালিশ বৈঠক হলেও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত ছিল।

ইউপি সদস্য গিয়াস উদ্দিনের অভিযোগ, তিনি পেশায় একজন আড়তদার। বুধবার রাতে আড়তের বেচাকেনা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জাকির প্রধানের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার পথ রোধ করে হামলা চালান। তার দাবি, সাবেক ইউপি সদস্য রিপনের অনুসারী সানজিদ, রিমন, রিফাত ও শাহজালালসহ ৮ থেকে ১০ জন টেঁটা, রামদা ও ছুরি নিয়ে এ হামলা চালান।

গিয়াস উদ্দিন বলেন, ‘প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে আমি স্বজনদের বিষয়টি জানাই। পরে স্বজনেরা সেখানে গেলে আমার ছোট ভাই আতাউরকে টেঁটাবিদ্ধ করা হয়। তাকে রক্ষা করতে গেলে আমার ছেলে বাইজিদ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহেলের ওপরও হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান রিপনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত বাইজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, টেঁটাবিদ্ধ আতাউর ও কুপিয়ে আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজালাল ও রিফাত নামের দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189033