এবার বরখাস্ত হলেন পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাকারী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। তিনি পেন্টাগনের জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার দায়িত্বে ছিলেন। এর আগে এই পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও হেগসেথ অবসরে যেতে বাধ্য করেছিলেন।
জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র বলেন, দেশের জন্য ৩২ বছরের উল্লেখযোগ্য সেবার জন্য লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন জয়েন্ট স্টাফের চেয়ারম্যান এবং যৌথ বাহিনী। জীবনের নতুন সুযোগ ও পরবর্তী অধ্যায়ের জন্য তাদের শুভকামনাও জানানো হয়েছে। তবে সিলভিয়াকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। এমন সময় এই সিদ্ধান্ত এলো, যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর পরিবর্তে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায়। এমনটাই মনে করছেন বিশ্লেষক ইহসান আলখতিব। আল জাজিরাকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যেসব আনুষ্ঠানিক যোগাযোগের পথকে অকার্যকর মনে করে, সেগুলো এড়িয়ে সরাসরি ইরান সরকারের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে যোগাযোগের প্রবণতা দেখাচ্ছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি অনুমোদন দিয়েছেন। ইরানের পক্ষ থেকে চিকিৎসাসামগ্রী সহায়তার প্রয়োজনের বিষয়টি এ উদ্যোগের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স রেজাইকে একটি চিঠি পাঠিয়ে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189029