মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক ক্যাবলে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক লো-টেনশন (এলটি) ক্যাবলে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হাসপাতালের রোগীরাও নিরাপদে ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম পিএফএম জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতাল ভবনের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক এলটি ক্যাবলে আগুন লাগার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালের কোনো রোগী হতাহত হননি। রোগীরা নিরাপদে ছিলেন এবং কেউ আতঙ্কিত হননি।
তিনি আরও জানান, আগুনের ঘটনার পর কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। পরে পল্লী বিদ্যুৎ ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) কর্মচারীরা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক লাইন মেরামত করেন। এরপর পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আপাতত কোনো সমস্যা নেই।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189016