মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শত শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে কোন কোন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, সে বিষয়টি বলতে পারেননি তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188998