এক সপ্তাহের মধ্যে গঠন হবে নিম্নতম মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যে গঠন হবে নিম্নতম মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। তিনি সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ে অংশীজনদের মতবিনিময় সভায় অংশ নেন।

শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, যেসব কারখানায় এখনো শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়নি, সেসব কারখানার মালিকদের দ্রুত বেতন পরিশোধ করতে হবে। তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, যেভাবেই হোক মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।

মজুরি বোর্ড গঠন নিয়ে আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে এ নিয়ে আর আন্দোলন করার কোনো সুযোগ নেই।

শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে শান্ত পরিবেশকে অশান্ত করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। কোনো আলোচনায় না বসে তৃতীয় পক্ষ দেশকে অশান্ত করা কিংবা অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করলে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা কেউ তা মেনে নেবেন না। এ ধরনের তৎপরতার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয়, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ সেল গঠন করা হবে।

মন্ত্রী বলেন, শিল্পাঞ্চলের যে কোনো সমস্যা এ সেলে জানানো হলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। অযথা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে এ সেলের মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পাঞ্চলের বর্তমান শ্রম পরিস্থিতি, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188980