শরীয়তপুরের খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধামারন গ্রামে খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত আবুল হোসেন পেদার সঙ্গে তার মেয়ের জামাতা সুজন মালের বাক্বিতণ্ডা হয়। বুধবার সকাল ৮টার পর থেকে আবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে দুপুরে স্থানীয়রা খালের পাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নিহতের মেয়ের অভিযোগ, তার স্বামী সুজন মাল তার বাবাকে হত্যা করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুজন মালকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188957