১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কোক স্টুডিও বাংলার নতুন আয়োজন
বিনোদন ডেস্ক : দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ শীর্ষক আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু করেছে কোকা-কোলা বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে কোক স্টুডিও বাংলার কনসার্ট আয়োজনের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, ভোটিং ও ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ কনসার্ট।
প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট বা ফ্যান্টা কিনতে হবে। পণ্যের সঙ্গে দেওয়া স্ক্র্যাচ কার্ডে থাকবে একটি ইউনিক কোড। ক্যাম্পেইনের মাইক্রোসাইটে কোডটি ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দিতে পারবেন। প্রতিযোগিতার অগ্রগতি দেখতে থাকবে একটি লাইভ লিডারবোর্ড। সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয় নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ পাবে।
ভোট দেওয়ার পাশাপাশি ‘ফাইন্ড দ্য নেক্সট ক্যাম্পাস পারফর্মার’ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। এ কার্যক্রমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে স্থাপিত কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং স্টুডিও কিয়স্কে গিয়ে কোক স্টুডিও বাংলার যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন।
রেকর্ড করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। এরপর ক্যাম্পেইনের ওয়েবসাইটে ভিডিওর লিংক জমা দিতে হবে। বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থীকে ক্যাম্পাস কনসার্টে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর লায়লা ফারজানা বলেন, কোক স্টুডিও বাংলা সব সময় সংগীতের মাধ্যমে মানুষকে একত্রিত করেছে এবং প্রতিভাকে উদযাপন করে এসেছে। ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে তরুণদের আরও কাছে নিয়ে যেতে চাই এবং তাদের নিজেদের মতো করে এই অভিজ্ঞতার অংশ হওয়ার সুযোগ দিতে চাই। নিজেদের বিশ্ববিদ্যালয়ের জন্য বন্ধুদের নিয়ে ভোটের প্রচারণা চালানো থেকে শুরু করে রেকর্ডিং বুথে পারফর্ম করা—আমরা আশা করি, শিক্ষার্থীরা এই প্রতিযোগিতাকে আপন করে নেবেন এবং ক্যাম্পাসজুড়ে স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবেন।
কোকা-কোলা বাংলাদেশ জানিয়েছে, তারুণ্যের উদ্দীপনা, ক্যাম্পাসের উচ্ছ্বাস ও সংগীতকে কেন্দ্র করে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোক স্টুডিও বাংলার সংগীত উদযাপনের অংশ হওয়ার পাশাপাশি নিজেদের প্রিয় সংগীত সরাসরি ক্যাম্পাসে উপভোগ করার সুযোগ পাবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188935