বলিউডে আমার কোনো ‘গডফাদার’ নেই : সাইফকন্যা সারা
বিনোদন ডেস্ক : বলিউডে ‘স্টার কিড’ বা তারকা সন্তানদের সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক বহুদিনের। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানকেও ক্যারিয়ারের শুরু থেকেই স্বজনপ্রীতির তকমা সইতে হয়েছে। অবশেষে ইন্ডাস্ট্রিতে নিজের ৮ বছরের যাত্রার পর নেপোটিজম ও পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এ অভিনেত্রী।
‘ফিল্মফেয়ার’-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সারা স্পষ্ট ভাষায় জানান, তিনি বা অনন্যা পান্ডে বা জাহ্নবী কাপুর কে কোথায় জন্ম নেবেন তা নিজেরা ঠিক করেননি।
তারকাদের পরিবারে জন্ম নেওয়ার কারণে তারা সুবিধা পেয়েছেন এবং ভালো ডেবিউ পেয়েছেন, এ কথা স্বীকার করলেও সারা আক্ষেপ করে বলেন, এর জন্য তাদের খাটুনি ও মেধা পুরোপুরি আড়াল হয়ে যায়।
ক্ষোভ প্রকাশ করে সারা বলেছেন, ‘আমি একলা মায়ের কাছে বড় হয়েছি। আমার এমন কোনো বাবা ছিল না, যিনি প্রযোজকদের দরজায় দরজায় ঘুরে তার মেয়েকে সিনেমায় নেওয়ার জন্য আকুতি বা ভিক্ষা চেয়েছেন। প্রথম সিনেমা ‘কেদারনাথ’ নিয়ে যখন সমস্যায় পড়েছিলাম, আমি একাই সব সমাধান করেছি।’
রাজপরিবারের রক্ত শরীরে বইলেও সারা মনে করেন এ পরিচিতি একধরনের দুদিকে ধার থাকা তলোয়ার। কারণ মানুষের প্রত্যাশা এত উঁচুতে থাকে যে আট বছর কাজ করার পরও নিজের কাজের প্রমাণ মানুষকে দিতে হচ্ছে।
সারা জানান, কোনো গডফাদার ছাড়াই তিনি এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার লড়াই চালিয়ে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188934