ঢাবি সমাবর্তনের ফি কমানোসহ তিন দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে কমানো, মানসম্মত গাউন ও উপহারসামগ্রী সরবরাহ এবং নিয়মিত সমাবর্তন আয়োজনের জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে তাঁর কাছে তিন দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত তিন দফা দাবি হলো :
১. সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে হ্রাস:স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডিসহ সব পর্যায়ের শিক্ষার্থীদের সমাবর্তন ফি পুনর্নির্ধারণ করে তা সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের মধ্যে নিয়ে আসা।
২. মানসম্মত গাউন ও উপহারসামগ্রী নিশ্চিতকরণ: সমাবর্তনে সরবরাহ করা গাউন, ক্যাপ, ব্যাগসহ অন্যান্য সামগ্রীর গুণগত মান উন্নত করা। একই সঙ্গে এসব সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, মান যাচাই এবং ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করা।
৩. নিয়মিত সমাবর্তন আয়োজনের স্থায়ী নীতিমালা প্রণয়ন: সমাবর্তন আয়োজনে দীর্ঘসূত্রিতা পরিহার করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সমাবর্তন আয়োজনের লক্ষ্যে বাস্তবসম্মত ও কার্যকর স্থায়ী নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা।
সাক্ষাৎকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগসহকারে শোনেন। তিনি আশ্বস্ত করেন, আসন্ন সমাবর্তন-সংক্রান্ত মূল সভায় শিক্ষার্থীদের দাবিগুলো উপস্থাপন করবেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং সমাবর্তন আয়োজন নিয়ে দীর্ঘদিনের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত সমাবর্তন আয়োজন এবং নিয়মিত সমাবর্তন নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188915