কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ ২৬ মামলার আসামি ‘ন্যাংড়া নয়ন’ গ্রেফতার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির ৫ হাজার টাকাসহ ২৬ মামলার আসামি নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন’ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নয়ন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানোর সময় জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করে উলিপুর থানার একটি দল। এসময় তার ডান হাতে থাকা ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়াও ইতোপূর্বে নয়ন মিয়া উলিপুর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য থানা পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188864