বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজন নেতাকর্মীদের এক অকৃত্রিম মিলনমেলায় পরিণত হয়। জেলার ২৫টি ইউনিটের হাজার হাজার নেতাকর্মী তাদের প্রাণের সংগঠনের জন্মদিনে আবেগ ও ভালোবাসার ডালা উজাড় করে দিয়ে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর; রাজপথ যেন এক মোহময় জনসমূদ্রে রূপ নেয়।

র‍্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, ৪৮ বছর আগে বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আলোকবর্তিকা প্রজ্বলিত করেছিলেন, তাঁর উত্তরসূরি হিসেবে আজ যুবদল গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে বগুড়া জেলা যুবদল সর্বদা আপসহীন ভূমিকা পালন করেছে। এই মুক্তি সংগ্রামে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী রক্ত ও জীবনের বিনিময়ে ইতিহাস রচনা করেছেন।

প্রধান অতিথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তারা নানা চক্রান্তের হুমকি দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো রক্তচক্ষুকে ভয় পাননি। কোনো হুমকি-ধমকিতে লাভ নেই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালান, তবে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছে। দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান; বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র (সিটি প্রশাসক) এম আর ইসলাম স্বাধীন; বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির; জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল; সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার; জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন; শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি; সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188861