দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান গতকাল সোমবার দিবাগত রাতে পরিচালিত হয়। এসময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৫ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন।

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188860