নীলফামারীতে অটোরাইস মিল মালিকের ২০ হাজার টাকা জরিমানা
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অটোরাইস মিলের ছাইয়ের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এক মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটোরাইস মিলে এ অভিযান পরিচালনা করে জরিমানার অর্থ আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, অটোরাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশ দূষণ এবং ছাই ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে মেসার্স রাফি অটোরাইস মিলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় মেসার্স রাফি অটোমিলের স্বত্তাধিকারী আতিকুজ্জামান আতিককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালতের আদেশে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে ভবিষ্যতে পরিবেশ দূষণ না করা অঙ্গীকার করেন ওই অটোরাইস মিল মালিক আতিকুজ্জামান আতিক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসারা (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, পরিবেশ দূষণ রোধে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ দপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188852