ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনে সিসিটিভি বসাচ্ছে রসিক

ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনে সিসিটিভি বসাচ্ছে রসিক

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেছেন, ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে রংপুর নগরীর প্রতিটি বিদ্যালয়ের সামনের সড়ক সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন।

ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দ্রুতই নগরীর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে করে নারী শিক্ষার্থীরা নিরাপদে, নির্ভয়ে সড়কে চলাচল করতে পারবে। সেই সাথে কমবে অপরাধ প্রবণতা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আরডিআরএস হলরুমে লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবিলায় কাজ করতে হবে।

জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি কর্পোরেশন। রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নেদারল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়।

প্লান ইন্টারন্যাশনাল ও নেদারল্যান্ডস অ্যাম্বাসির সহযোগিতায় রুপান্তর ও জাগো ফাউন্ডেশন আয়োজিত নেটওয়ার্কিং সভায় এনজিও প্রতিনিধি, কন্টেন্ট ক্রিয়েটর, যুব সংগঠক, গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188849