তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: মেঘমুক্ত কুয়াশা কাটতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলছে হিমালয়ের বরফ ঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট উচ্চতায় নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত এ পর্বত। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্জনজঙ্ঘার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার এবং দার্জিলিং হিমালয় পবর্তের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। তবে আকাশ পরিস্কার থাকায় এই পর্বতশৃঙ্গের অপরূপ সৌন্দর্য দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা।
এ মৌসুমে শরৎঋতুতে ৫ থেকে ৭ বার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। তবে মৌসুমের সবচেয়ে ভালো দেখা গেছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। দীর্ঘ অপেক্ষার পর বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে খুশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। প্রতিবছর শরৎ ও হেমন্তকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীর ও ডাকবাংলো এলাকায় ভিড় করেন দেশ-বিদেশের হাজারো পর্যটক।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক লাকী, দিনাজপুরের বেবী ও পাবনার রুদ্র জানান, কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি তেঁতুলিয়ার প্রাকৃতিক সবুজ সমারোহ পরিবেশও মুগ্ধ করছে তাদের।
এদিকে, পর্যটকদের আগমন ঘিরে এলাকায় ক্ষুদ্র দোকানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয়দের। ডাকবাংলো এলাকায় বসেছে ভ্রাম্যমান ছোট ছোট খাবারের দোকান। আগন্তুক পর্যটকের এসব খাবার যেনো আলাদা স্বাদ উপভোগের সুযোগ করে দিয়েছে। বেচাকেনাও বেড়েছে বলে জানান দোকানিরা।
পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের এএসআই রুবেল বলেন, পর্যটকদের নিরাপত্তা বিধানে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তবে পর্যটক বেশি হওয়ায় যানজট সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।