রংপুর পীরগঞ্জে তিন বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুটি মামলা সৌরভ চন্দ্রসহ গ্রেফতার ২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে ভিডিও তৈরির অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যায় চককরিম তেলিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়।
এদিকে, ওই ঘটনায় গতকাল সোমবার রাতেই পৃথক দুটি মামলা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ম অবমাননার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে সৌরভ চন্দ্র মোহন্ত এবং হামলা-ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামপুলিশসহ কিছু সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি শান্ত হলে তারা চলে যায়।
সুযোগ পেয়ে উত্তেজিত জনতা সন্ধ্যার পর বিশু চন্দ্র, (সৌরভ চন্দ্রের পিতা), জগদীশ চন্দ্র ও দীনেশ চন্দ্র (সৌরভ চন্দ্রে কাকা ও জ্যাঠা) তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
গতকাল সোমবার রাতে হামলা-ভাঙচুরের অভিযোগে সৌরভ চন্দ্র মহন্তর বাবা বিশু চন্দ্র মহন্ত বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার গুজিপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান মকিমপুর মৌজার দফাদার আমিনুল ইসলাম পীরগঞ্জ থানায় পৃথক মামলা করেন। মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে অভিযুক্ত করা হয়। পরে রাতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার শিবগঞ্জে সৌরভের আত্বীয়দের বাড়িতে অভিযান চালিয়ে সৌরভকে গ্রেফতার করা হয়।
এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ স্থানীয় বিএনপি নেতারা। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, পৃথক ২ মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188843