‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি

‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের নীতি হলো ‘জিরো টলারেন্স’।


আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘উনি (আইজিপি) সহজ–সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, “সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।”

তিনি আরো বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

আইজিপির এমন বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানানো হয়।

সমালোচনার মুখে সোমবার সন্ধ্যায় এর ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি; বরং অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতেই তিনি ওই শব্দ ব্যবহার করেছিলেন।

সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) কোনোভাবেই সহ্য করবে না এবং এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188829