রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটনের জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

লিটনের সঙ্গে থাকা হাসু জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি তার পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তিনি আহত হননি।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসপেশির মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188795