ঝালকাঠিতে ইলিশ রক্ষায় অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠিতে ইলিশ রক্ষায় অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে নিয়োজিত সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালকসহ সাতজন আহত হয়েছেন।

আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া সংলগ্ন এলাকায় কয়েকটি ইঞ্জিনচালিত নৌযানে আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় লাঠিসোঁটা ও রামদা নিয়ে মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালানো হয়।

হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। এছাড়া তিন আনসার ও ভিডিপি সদস্য—হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া; মাঝি মো. রেজাউল করিম; চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার জন্য হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা পরবর্তী সময়ে অভিযানে সহযোগিতা না করেন।

জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, হামলাকারীরা একাধিক নৌযানে এসে স্পিডবোটের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে জ্যেষ্ঠ সহকারী পরিচালক স্পিডবোট থেকে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। হামলাকারীরা স্পিডবোটের চালককে মারধর করে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে কোনোভাবে ঘটনাস্থল থেকে ফিরে আসেন মৎস্য বিভাগের সদস্যরা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188782