সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জর্ডান। দেশটির একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে প্রতিবেশী দেশটিতে দফায় দফায় প্রাণঘাতী এই হামলা চালায় জর্ডানের সামরিক বাহিনী। হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানের হামলায় নিহতদের মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ। হামলা চালানোর আগে জর্ডান তাদের সঙ্গে কোনো সমন্বয় করেনি বলেও জানিয়েছে দামেস্ক। এ ঘটনার পর দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান ও একমাত্র সীমান্তপথও বন্ধ করে দিয়েছে সিরিয়া। জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার দেশটির কারাক প্রদেশের একটি গির্জায় বন্দুকধারীদের হামলার জবাবে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘আস্তানায়’ হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
জর্ডানের সামরিক বাহিনী বলেছে, সিরিয়ায় এই হামলা চালানো হয়েছে ‘সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করে’। তাদের দাবি, বিমান হামলায় ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বহু সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে’।
তবে জর্ডানের সঙ্গে হামলার বিষয়ে কোনো সমন্বয়ের কথা অস্বীকার করেছে সিরিয়া। সিরীয় সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আগাম সমন্বয় বা অবহিত করা ছাড়াই সামরিক অভিযানটি পরিচালনা করা হয়েছে’। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে দেশটি। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দেশটির দারা ও সুয়েইদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়। পরে উদ্ধারকর্মীরা তিন পুরুষ, এক নারী ও তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। দারা প্রদেশের আল-তাই গ্রামের একটি তাঁবুতে হামলায় ওই পরিবারের এক পুরুষ, এক নারী ও তিন শিশু নিহত হন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। আহদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দ্বিতীয় হামলাটি হয় দারা প্রদেশের আল শাইয়া এলাকায়। এতে ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তৃতীয় হামলাটি দারার আইন আল-বাসাল এলাকার মুজাইরিব শহরের একটি আবাসিক ভবনে চালানো হয়। এতে কেউ হতাহত হননি। চতুর্থ হামলাটি হয় সুয়েইদা প্রদেশের শাহবা শহরের একটি আবাসিক ভবনে। এতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188777