ভোট দিচ্ছে ইসরায়েলিরা, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নাগরিকরা মঙ্গলবার পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে ভোট দিচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি প্রথম নির্বাচন। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাজনীতিতে ক্রমবর্ধমান ডানপন্থি ঝোঁক নিয়ে রায় দেবে ভোটাররা।
হামাসের হামলার পর ইসরায়েলিরা একাধিক যুদ্ধের মধ্য দিয়ে গেছে। নির্বাচনী প্রচারেও এসব সংঘাতের জবাবদিহি ও নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রকাশিত সবশেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি নেতা গাদি আইজেনকোটের সমর্থন প্রায় সমান। রাজনীতিতে নবাগত আইজেনকোট দেশটির সাবেক সেনাপ্রধান। তার শান্ত স্বভাবকে বর্তমান প্রধানমন্ত্রীর একেবারে বিপরীত বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। প্রায় ৭৩ লাখ ভোটারের মধ্যে ৫ লাখের বেশি তরুণ এবার প্রথমবার ভোট দেবে। জরিপে দেখা গেছে, তাদের বড় একটি অংশ নিজেদের মধ্য-ডানপন্থি হিসেবে পরিচয় দিয়েছে।
দেশের রাজনীতির ভবিষ্যৎ চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এই নির্বাচনে ভোট দিতে বিদেশ থেকেও কয়েক হাজার ইসরায়েলি দেশে ফিরেছে। মঙ্গলবার বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। অধিকাংশ কেন্দ্র স্থানীয় সময় রাত ১০টায় বন্ধ হবে। চূড়ান্ত ফল আসতে কয়েকদিন লাগতে পারে।
১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১ আসন দরকার। কিন্তু জনমত জরিপে একক কোনো দলকে ‘ম্যাজিক ফিগারের’ কাছাকাছি যাওয়ার লক্ষণ দেখা যায়নি। ফলে জোট সরকার গঠনের প্রয়োজন হলে সে প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে নতুন করে নির্বাচনেরও সম্ভাবনা আছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188773