ঘণ্টাব্যাপী বিদ্যুৎবিহীন সচিবালয়, দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন
রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়ে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়মিত কাজে স্থবিরতা নেমে আসে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি। সচিবালয়ের সকল মন্ত্রণালয়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। প্রায় ঘণ্টার মতো বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কাজ করতে সমস্যায় পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজ করতে সমস্যা হচ্ছে। অনেক কাজই স্বাভাবিকভাবে করা সম্ভব হচ্ছে না, বসে থেকে সময় কাটাতে হচ্ছে। দাপ্তরিক কাজের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কাজের গতি ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেও সমস্যা হতে পারে।
এদিকে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188772