বিদেশি সহায়তার ওপর নির্ভর করে নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভর করে চলতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতার যুগ শেষ হয়েছে। বাংলাদেশ আর সহায়তার ওপর নির্ভর করে এগোতে চায় না। বরং নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায় এবং বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদার হতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও বিভিন্ন নীতিনির্ধারণী এজেন্ডা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রহ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর টোকিও সফরের দ্বিতীয় দিনের গুরত্বপূর্ণ কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটিয়েছেন। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক ও শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে জাপানের বেসরকারি খাতের আগ্রহ রয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলো বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো কাটিয়ে উঠে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, আগে আস্থার ঘাটতি ছিল, দুর্নীতিও বেশি ছিল। এখন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে জাপান বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। একই সঙ্গে থাকবে টেকসই ও সম্ভাবনাময় অংশীদারত্ব এবং বিনিয়োগ সহযোগিতা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188747