বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি আটক

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতি আটক করা হয়েছে। একই অভিযানে ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল রোববার রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, মা-ইলিশ সংরক্ষণ বাস্তবায়নের জন্য উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল রোববার রাতে বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার বেশকিছু যন্ত্রপাতি আটক করা হয়। এ সময় লোকজন দৌড়ে পালানোর জন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই অভিযানে ১০ হাজার মিটার ইলিশ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে এবং ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। পরে বিদ্যুৎ শকের যন্ত্রপাতি এবং ইলিশ মাছ ধরার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে উদ্ধার ১৫ কেজি ইলিশ মাছ ৩টি এতিমখানায় দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, সিনিয়র সহকারী পরিচালক সেলিম আক্তার, বগুড়া জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, বগুড়া সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুল হক প্রমুখ।

এ সময় রাজশাহী বিভাগীয় পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, মা ইলিশ সংরক্ষণ বাস্তবায়ন করতে রাত পর্যন্ত আমরা যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করছি। বিশেষ করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার জন্য আমাদের নদীতে দেশি মাছ এবং সকল ধরনের জলজ প্রাণি ব্যাপক হুমকিতে রয়েছে। মা ইলিশ সংরক্ষণ করতে এবং অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188741