৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের খবরটি জানিয়ে সুজাত শিমুল বলেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে।
ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের সবাইকে নিয়ে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’
এদিকে সুজাত শিমুল ও জান্নাতুন নেছার ৯৯৯ টাকা দেনমোহর বেশ আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই অংক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে শিমুল গণমাধ্যমকে জানান, বিয়েকে তারা জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ ও নতুন অধ্যায় হিসেবে দেখেন, যা জীবনকে পরিপূর্ণতা দেয়।
জরুরি সেবায় ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার ধারণাটি থেকেও এই সংখ্যাটি বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি।
শিমুলের মতে, ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে স্বাভাবিকভাবেই একটি শূন্যস্থান থাকে, যা মানবজীবনের অপূর্ণতার প্রতীক। মানুষের জীবনও কখনো পুরোপুরি পরিপূর্ণ হয় না, এই দার্শনিক ভাবনা থেকেই মূলত তারা ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণ করেছেন।