সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী জিসান আহমেদ(২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে। এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন মরদেহ গ্রহণের জন্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এসময় যমুনা নদীতে গোসলে নেমে জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

পরে এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ারসার্ভিস দিনভর চেষ্টার পর আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/188704